শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের দেয়াল লিখন, চট্টগ্রামের ঘটনায় বিচার দাবি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার

চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেওয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশের শিক্ষাঙ্গনে কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ বা অপরাজনীতির স্থান নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কেউ সোচ্চার হলেই হামলার শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই দেয়াল লিখন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তরিকুল ইসলাম তারিক বলেন, ছাত্রদল সব মতের প্রতি শ্রদ্ধাশীল হলেও একটি রাজনৈতিক গোষ্ঠী গোপন পরিচয়ে ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে কাজ করছে এবং অনেক ক্ষেত্রে অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে।

তিনি মনে করেন, একই সঙ্গে একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা নৈতিকতার পরিপন্থি। যারা সুস্থ রাজনীতি করতে চান, তাদের নিজ নিজ দলের ব্যানারে প্রকাশ্যে কাজ করা উচিত— এটাই গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য।

তিনি আরও বলেন, চট্টগ্রামের হামলার নিন্দা এবং অন্তরালে পরিচালিত রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। নব্বইয়ের গণআন্দোলনের মতো দেয়াল লিখনের মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্ধকার বা গোপন রাজনীতি বরদাস্ত করা হবে না। সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সব ছাত্র-সংগঠনকে নিজস্ব আদর্শ প্রকাশ্যে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস, সুরভী আক্তার স্বপ্না ও নাজমুস সাকিবসহ বিভিন্ন হল ও শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতারাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ