শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আসছেন পরবর্তী রাষ্ট্রপতি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪ বার

অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এমপি। সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সরকার-সংশ্লিষ্ট একাধিক বিএনপি নেতা আমাদের সময়কে জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে একজন রাজনীতিবিদকেই দেখতে চায় দল। যদিও সম্ভাব্য প্রার্থী নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত। কারণ আগামী দিনগুলো বিএনপি সরকারের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ সময় যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শ বা পছন্দ-অপছন্দের বিষয়ও আলোচনায় আসতে পারে। তবে রাষ্ট্রপতি হিসেবে এমন কাউকে বেছে নিতে হবে, যিনি বিএনপি ও তারেক রহমান সরকারের জন্য কোনো ধরনের রাজনৈতিক ঝুঁকির কারণ হবেন না।

দলীয় সূত্র জানায়, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খানসহ আরও কয়েকজন সিনিয়র নেতার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে। দলের ভেতরে কেউ কেউ মনে করছেন, একজন নারী বা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো রাজনীতিককে রাষ্ট্রপতি করা হলে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা যাবে, যা সরকারের জন্যও লাভজনক হতে পারে।

এদিকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা হলে বিএনপির মহাসচিবের দায়িত্ব কে নেবেন- তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে, পরবর্তী কাউন্সিল পর্যন্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করতে পারেন। আবার কেউ কেউ স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম বলছেন। সে ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও তার হাতে যেতে পারে বলে আলোচনা রয়েছে। চেয়ারম্যানের উপদেষ্টা ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামও মহাসচিব পদে আলোচনায় এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত নানা গুঞ্জন ও আলোচনা চলবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এদিকে পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদায় প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া ও সরকারের করণীয় নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর গতকাল সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মোঃ সাহাবুদ্দিন ‘মাফিয়া সরকারের আমলে’ রাষ্ট্রপতি নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন। তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজনে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া ছিল। একইভাবে কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ