সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর পুলিশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৮ বার

রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাজধানীর মহাখালী সড়কে অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় অবৈধ পার্কিংয়ের দায়ে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাস্তা দখল করে অবৈধ পাকিংয়ের বিষয়ে ‘রাস্তা দখল করে ঘুমায় বাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মহাখালীর মূল সড়কে বাস ও ট্রাকগুলো প্রায় সময়ে পার্কিং করে রাখা হয়। এতে বনানী ও বিমানবন্দর পর্যন্ত যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন শত শত মানুষজন। বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছিল। ফলে মহাখালীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মূল সড়ক ও আশপাশের ছোট ছোট সড়কগুলোতে অবৈধ পাকিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়। দেড় ঘণ্টায় এখন পর্যন্ত শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেন। তাদেরকে বোঝান এবং মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন।

অতিরিক্ত কমিশনার সাংবাদিকদের বলেন, রাস্তায় গাড়ি রাখা অপরাধ। রাস্তায় যারা গাড়ি রাখেন তারা তাদের ব্যবসার জন্য তো প্রতিদিন লাখ লাখ মানুষকে কষ্ট দিচ্ছেন। এটা আসলে অভিযানের বিষয় নয়। এটাতো নৈতিকতার বিষয়, আদর্শের বিষয় যে আমি অন্যকে কষ্ট দিব না। এগুলো আমাদের মাঝে নাই বলে আমাদেরকে রাস্তায় অভিযানের জন্য নামতে হয়। তিনি বলেন, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তাদের সমস্যাগুলো আমরা শুনেছি। যেগুলো দ্রুত সমাধান সম্ভব সেগুলো আমরা তাদের সমাধান করতে বলেছি। কিন্তু কোনো কাজ হয় না। ফলে আমরা আজকে রাস্তায় অভিযানে নামতে বাধ্য হয়েছি। হয় তাদেরকে কথা শুনতে হবে, না হলে আইনের আওতায় আসতে হবে।

পুলিশ জানায়, যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ কার্যক্রম চালাচ্ছে তারা। সড়ক দখল করে কোনো যানবাহন রাখতে দেওয়া হবে না। এ জন্য আইনের যথাযথ প্রয়োগ করবে পুলিশ। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং ও দখল ঠেকাতে এই টার্মিনালের আশপাশে এআই ক্যামেরা বসানোর হবে।

পরিবহন শ্রমিকরা বলছেন, টার্মিনালে জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কে গাড়ি রাখছেন তারা।

তবে অভিযানকে স্বাগত জানিয়ে যাত্রীরা বলছেন, দুপুরে অভিযানের সঙ্গে সঙ্গে রাস্তায় যানজট কমে গেছে। রাস্তাজুড়ে অবৈধ পাকিংয়ের কারণে যাত্রীদের দীর্ঘ যানজট পোহাতে হয়। এই অভিযান যেন নিয়মিত থাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ