ইরানের গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে শত শত বাঁধ এবং পানি স্থানান্তর প্রকল্প নির্মাণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর যেসব অবস্থান সামনে এসেছে, সেগুলোর সঙ্গে দেশটির বিভিন্ন বাঁধ ও পানি অবকাঠামো প্রকল্পের ভৌগোলিক অবস্থানের উল্লেখযোগ্য মিল খুঁজে পেয়েছেন তারা। এতে প্রশ্ন উঠেছে, পানিসংকট মোকাবিলার নামে নির্মিত এসব প্রকল্পের পেছনে সামরিক উদ্দেশ্যও ছিল কি না।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকদের এই ধারণার ভিত্তি মূলত বাঁধ ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার স্থানগুলোর মধ্যকার ভৌগোলিক মিল। তবে ইরানের সামরিক স্থাপনাগুলোর গোপনীয়তার কারণে এসব পানি প্রকল্প বিশেষভাবে ক্ষেপণাস্ত্র ঘাঁটির জন্য নির্মিত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। গবেষকেরাও বিষয়টিকে এখনো একটি সম্ভাবনা হিসেবেই দেখছেন।
জার্মানির হামবুর্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পানি নিরাপত্তা গবেষক নিমা শুকরি দীর্ঘদিন ধরে ইরানের বাঁধ নির্মাণ কর্মসূচি নিয়ে কাজ করছেন। তার গবেষক দল দেশটিতে অন্তত ৫৩৩টি বাঁধের সন্ধান পেয়েছে। আঞ্চলিক বিবেচনায় এই সংখ্যা অত্যন্ত বেশি। পরিবেশের ওপর এসব প্রকল্পের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সরকার কেন এত বিপুলসংখ্যক বাঁধ নির্মাণে বিনিয়োগ করছে, তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল তার।
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বাঁধের প্রয়োজন কেন?
ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইরানবিষয়ক বিশেষজ্ঞ ড্যানি সিত্রিনোভিচ নিউইয়র্ক টাইমসকে বলেন, এ ধরনের ব্যবস্থা ইরানের সামরিক স্থাপনাগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করতে পারে। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে (আইএনএসএস) গবেষণা করছেন। তার মতে, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে বেসামরিক পরিষেবার ওপর পুরোপুরি নির্ভরশীল না রাখার কৌশলগত স্বার্থ তেহরানের রয়েছে। এ কারণে বিকল্প অবকাঠামো, এমনকি বাঁধ ও পানি প্রকল্পেও বিনিয়োগ সামরিক পরিকল্পনার অংশ হয়ে থাকতে পারে।
ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ এসব ভূগর্ভস্থ স্থাপনা। বছরের পর বছর ধরে পাহাড়ের গভীরে সুরক্ষিত বিশাল কমপ্লেক্স তৈরি করেছে দেশটি। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ, উৎক্ষেপণের প্রস্তুতি এবং কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনের কাজও করা হয়। ইরানি কর্তৃপক্ষ এসব স্থাপনাকে ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী বলে অভিহিত করে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ইরানবিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ধারণা, দেশটিতে এ ধরনের অন্তত ৩০টি স্থাপনা রয়েছে। উত্তর কোরিয়াসহ হাতে গোনা কয়েকটি দেশই তুলনীয় মাত্রার ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে।
পরিবেশকর্মীদের গ্রেপ্তারের রহস্যেও নতুন প্রশ্ন
বাঁধ ও সামরিক স্থাপনার অবস্থানের সম্ভাব্য মিল নতুন করে আলোচনায় এনেছে ২০১৮ সালে ইরানে পরিবেশকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও। সে সময় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েক ডজন কর্মীকে আটক করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে ইরানি কর্তৃপক্ষ।
নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা গবেষকদের ধারণা, দুর্গম এলাকায় কাজ করতে গিয়ে পরিবেশকর্মীরা হয়তো অজান্তেই সংবেদনশীল সামরিক স্থাপনার কাছাকাছি চলে গিয়েছিলেন। সে কারণে তাদের কর্মকাণ্ডকে সন্দেহজনক মনে করে থাকতে পারে নিরাপত্তা বাহিনী।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা ওই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছিল। আটক ব্যক্তিদের মধ্যে ছিল পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের সদস্যরা। এ সংস্থার কাজের মধ্যে বিপন্ন এশীয় চিতাবাঘের মতো বন্যপ্রাণী পর্যবেক্ষণও ছিল। সংস্থাটির একজন প্রতিষ্ঠাতা কারাগারে মারা যান। অন্যদের কয়েক বছর বন্দি থাকতে হয়। পরে তাদের কেউ কেউ নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ করেন।
ইরানি কর্মকর্তাদের দাবি ছিল, দুর্গম বন্যপ্রাণীর আবাসস্থলে বসানো ক্যামেরাগুলো প্রাণী পর্যবেক্ষণের বদলে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহার করা হচ্ছিল। পাঁচ বছরের বেশি সময় কারাবন্দি থাকা সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ জানান, তাকে এমন অস্বাভাবিক অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল যে, তিনি নাকি সামরিক স্থাপনায় নজরদারির জন্য টিকটিকিকে প্রশিক্ষণ দিয়েছেন।
ওয়াশিংটনে নির্বাসিত ইরানি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ নিক কাউসার মনে করেন, সংরক্ষণকাজের অংশ হিসেবে দুর্গম এলাকায় যাতায়াতের সময় কর্মীরা হয়তো নিষিদ্ধ সামরিক এলাকার এত কাছে চলে গিয়েছিলেন যে আইআরজিসির সন্দেহ তৈরি হয়। তবে গ্রেপ্তারের পেছনে এটিই একমাত্র ব্যাখ্যা নয়। সে সময় পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেছিলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও পরিবেশগত বিষয়ে যোগাযোগ বাড়াতে আগ্রহী ইরানের সংস্কারপন্থি সরকারকে দুর্বল করাও ছিল গ্রেপ্তারের উদ্দেশ্য।
ইয়াজদ ও হরমোজগান প্রদেশে বিশেষ নজর
গবেষকেরা দুটি অঞ্চলের বিষয়ে বিশেষভাবে অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখছেন। এর প্রথমটি মধ্য ইরানের ইয়াজদ প্রদেশ। সেখানে জাগরোস পর্বতমালা থেকে পানি সরিয়ে আনার জন্য বড় একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পানি গবেষক আমির আগাকুচাক দীর্ঘদিন ধরে এত বড় বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মার্চে ওই এলাকায় বিমান হামলা এবং সেখানে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার খবর প্রকাশের পর প্রকল্পটির পরিকল্পনায় সামরিক প্রয়োজনীয়তা ভূমিকা রেখেছিল কি না, তা নিয়ে ভাবতে শুরু করেন তিনি। যুদ্ধের সময় জাগরোস পর্বতমালা আলোচনায় আসে আরেকটি ঘটনায়। সেখানে বিমান বিধ্বস্ত হওয়ার পর এক মার্কিন বিমানসেনাকে উদ্ধার করা হয়েছিল।
দ্বিতীয় অঞ্চলটি দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশ। পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশন সেখানে বিরল লারিস্তান বন্য ভেড়া সংরক্ষণে কাজ করেছিল। তাহবাজের স্মৃতিচারণ অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তারা বারবার ওই অঞ্চলে সংস্থাটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেখানে তাদের উপস্থিতি নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষ উদ্বেগ ছিল বলেও তার মনে হয়েছিল।
গত ১৪ জুলাই ওই অঞ্চলে মার্কিন বিমান হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানায়, অভিযানের লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা। এসব হামলা এবং আগের গ্রেপ্তারের ঘটনা মিলিয়ে অঞ্চলটিতে পরিবেশগত কর্মকাণ্ড নিয়ে ইরানি কর্তৃপক্ষের সংবেদনশীলতার কারণ অনুসন্ধানে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
তবে এসব তথ্য এখনো প্রমাণ করে না যে ইরানের বাঁধগুলো ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আড়াল করা বা সচল রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। পানি প্রকল্প, নিষিদ্ধ সামরিক এলাকা ও বিমান হামলার লক্ষ্যবস্তুর অবস্থানের মধ্যে দৃশ্যমান মিল গবেষকদের নতুন করে অনুসন্ধানে উৎসাহিত করছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে প্রশ্নবিদ্ধ এসব প্রকল্পের পেছনে দুর্বল পানি ব্যবস্থাপনা, সামরিক পরিকল্পনা নাকি উভয় কারণই কাজ করেছে, তা এখনো অমীমাংসিত।
সূত্র : নিউইয়র্ক টাইমস