মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ফের পতনের মুখে। তার দুই মেয়াদের মধ্যে এবারই সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মার্কিন এই প্রেসিডেন্টের জনপ্রিয়তা। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে অসন্তোষের কারণে তার রিপাবলিকান পার্টিকে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তীনির্বাচনে উচিৎ জবাব দিতে প্রস্তুত ভোটাররা। সোমবার শেষ হওয়া রয়টার্স-ইপসোসের এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

চার দিন ধরে চালানো জরিপের ফল অনুযায়ী, বর্তমানে মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানিয়েছেন। দুই সপ্তাহ আগের জরিপের তুলনায় এ হার এক শতাংশীয় পয়েন্ট কম। তার দুই মেয়াদের মধ্যে এটিই সর্বনিম্ন সমর্থন।

কংগ্রেস নির্বাচন আজ অনুষ্ঠিত হলে কোন দলকে ভোট দেবেন এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন ৩৫ শতাংশ। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১২ শতাংশীয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন। চলতি নির্বাচনী চক্রে দল দুটির মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যবধান।

দুই সপ্তাহ আগের রয়টার্স-ইপসোসের জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিল। তখন ব্যবধান ছিল ৭ শতাংশীয় পয়েন্ট। নতুন জরিপে ডেমোক্র্যাটদের ব্যবধান বেড়ে যাওয়ায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ নেওয়ার আশা জোরালো হতে পারে।

কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালেও ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে নিজের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। তবে জাতীয় পর্যায়ের এ ধরনের জরিপ থেকে সামগ্রিক জনমতের ধারণা পাওয়া গেলেও অঙ্গরাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক ফলের সব দিক এতে প্রতিফলিত হয় না। সিনেট ও প্রতিনিধি পরিষদের আসন বণ্টনে রিপাবলিকানদের কিছু কাঠামোগত সুবিধাও রয়েছে।

জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমে যাওয়ার পেছনে নারী ভোটারদের ভূমিকা বড়। নারী ভোটারদের ৫০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন, যেখানে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে, তবে ব্যবধান তুলনামূলক কম।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ওই যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়ে যায়, যা সাধারণ পরিবারের ব্যয়ে চাপ সৃষ্টি করেছে।

অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ৬৮ শতাংশ মার্কিন নাগরিক। তাদের মধ্যে স্বঘোষিত রিপাবলিকানদের ৩৭ শতাংশও রয়েছেন। অর্থনীতি সামলানোর ক্ষেত্রে কোন দল বেশি সক্ষম এমন প্রশ্নে ডেমোক্র্যাটদের বেছে নিয়েছেন ৪০ শতাংশ ভোটার। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ।

অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের মোট ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। জরিপে সব উত্তরদাতার ক্ষেত্রে ত্রুটির সীমা ২ শতাংশীয় পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশীয় পয়েন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ