মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে এসে রংপুর ধর্মসভা রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় দুর্গোৎসব দেখতে রংপুর রাধাগোবিন্দ মন্দিরে তিনি প্রবেশ করে কুশলাদি বিনিময়ের পরে অনুদানের চেক মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রীকে দুই রাস্তার পাশে দাঁড়িয়ে হাজারো জনতা স্বাগত জানান।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন। রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের যাত্রাপথে তিনি রংপুরের তারাগঞ্জ ও পাগলাপীরের পথসভায় বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মন্দির এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তার সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়। রংপুরের ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। দীর্ঘদিন ধরে মন্দিরটি ধর্মীয় উৎসব, সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে। একই দিনে তার রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ