বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ বার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকার দল। বিএনপি একা চলার দল নয়, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে চলার দল।

আজ বুধবার সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দলের সার্বিক কার্যক্রম তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। পাড়া-মহল্লায় দলের জনবল বৃদ্ধি করতে হবে। যে গ্রামে ২০০ জন কর্মী রয়েছেন, সেখানে দলের সদস্য সংখ্যা আরও বাড়াতে হবে। তবে সবচেয়ে বড় বিষয় হলো— নেতা-কর্মীদের কাজ ও আচরণের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে হবে।

সাধারণ মানুষের সেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে ভালোবাসে। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা এবং বিপদে সঠিক পথ দেখানো প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব। গ্রামের কোনো প্রতিবেশী অসুস্থ হলে তার সুচিকিৎসার খোঁজ নিতে হবে। বিএনপি সরকার সবসময় মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময় ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষার ব্যবস্থা করে আসছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। কেবল নিজের সন্তানের শিক্ষার দিকে খেয়াল রাখলেই চলবে না, প্রতিবেশীর ছেলে-মেয়েরাও যেন পড়াশোনা করতে পারে—সে বিষয়ে খোঁজ রাখতে হবে। একটি সমাজ ও দেশকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই।

বক্তব্যের শেষে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে একযোগে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

সভায় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী এবং সহ-সভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ