শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তিনজনের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য একটি সিএনজি অটোরিকশা, দুটি প্যাডেলচালিত রিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি তিনি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেন। গফফার জানান, একটি রিকশা নিজে চালিয়ে ঢাকায় জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন কষ্টে জীবনযাপন করছিলেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা দেখেন। পাশাপাশি নিরাপদে যানবাহনগুলো নিজ নিজ গন্তব্যে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিএনপির দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ