বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সেই তরুণী জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে নৌ পুলিশের অতিরিক্ত আইজি রেজাউল করিম বলেন, দিশার সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে এই তরুণীকে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে অপরগতা প্রকাশ করেছেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করা হয়, যিনি আদালতের আদেশে চার দিনের রিমান্ডে নৌ পুলিশের হেফাজতে রয়েছেন।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সৌরির ভাসমান লাশ বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।
তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হওয়ার আগে তাহসিফ ও তার বন্ধু দীপ উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে গিয়েছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও দীপের সঙ্গে ২৪-২৫ বছর বয়সী ওই তরুণীও (দিশা) মোটরসাইকেলে করে সেখানে আসেন। তারা বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটানোর পর রাত ১১টা ৫১ মিনিটে একসঙ্গে বের হয়ে যান। এরপর থেকেই ওই রহস্যময় তরুণীকে খুঁজছিল পুলিশ।
তাহসিফের লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের পর তার বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তাহসিফের বন্ধু দীপকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং টঙ্গী নৌ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
দীপের দেওয়া তথ্যে নানাবিধ অসঙ্গতি পাওয়ায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর দিশাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঘটনার রাতে তাহসিফের শেষ মুহূর্তের অবস্থান ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে নৌ পুলিশ।