বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

উৎসবের আনন্দ হোক সবার পবিত্র ঈদুল ফিতর

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০ বার

এক মাসব্যাপী সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের সাধনার পর আনন্দ ও উদ্যাপনের বার্তা নিয়ে আবারও আমাদের দ্বারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। রমজান মাসজুড়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা নিছক শারীরিক কৃচ্ছ্রসাধন নয়; এটি মানবাত্মার পরিশুদ্ধি, আত্মসংযম এবং নৈতিক উন্নতির এক অনন্য সাধনা। হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, মোহ-মাৎসর্যসহ মানবমনের যাবতীয় নেতিবাচক প্রবণতা থেকে নিজেকে মুক্ত করে সত্য, সুন্দর ও কল্যাণের পথে অগ্রসর হওয়ার শিক্ষা দেয় এই সিয়াম সাধনা।

রমজান আমাদের জীবনে মিতাচার, সহিষ্ণুতা ও মানবিকতার এক গভীর চেতনা জাগ্রত করে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যখন একইভাবে ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তখন সমাজে সমতা ও সহমর্মিতার বোধ আরও দৃঢ় হয়। অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তৈরি হয়, সেটিই রমজানের অন্যতম বড় শিক্ষা। তাই ঈদুল ফিতর কেবল আনন্দ-উৎসবের দিন নয়, এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজকে আরও সুন্দর ও ন্যায়ভিত্তিক করার অঙ্গীকারের দিন।

ঈদ মানেই মিলন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য উপলক্ষ। এই দিনে মানুষ সব ভেদাভেদ ভুলে একে অপরের কাছে আসে, পুরনো বিরোধ ভুলে নতুন করে সম্পর্ক গড়ে তোলে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত। আমাদের সমাজে যে বিভাজন, হিংসা ও দূরত্ব রয়েছে, ঈদের এই মহান উপলক্ষ তা দূর করে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে পারে- এটাই আমাদের প্রত্যাশা। তবে ঈদের আনন্দঘন এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আমাদের বিশেষভাবে স্মরণ রাখতে হবে- নিরাপদ যাত্রা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য বড় শহর থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ছুটে যান। ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়, যা অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। একটি অসতর্ক মুহূর্ত বা সামান্য অবহেলা একটি পরিবারের জন্য বয়ে আনতে পারে অপূরণীয় ক্ষতি ও আজীবনের বেদনা।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন মালিক, চালক এবং যাত্রী- সবারই দায়িত্বশীল আচরণ অপরিহার্য। যানবাহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে হবে, চালকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যান চালাতে হবে এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে। কোথাও দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া বা যানজট সৃষ্টি হলে দ্রুত তা নিরসনের কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অপচেষ্টা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি, যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন।

রমজানের শিক্ষা কখনই কেবল একটি মাসের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। এই মাসে অর্জিত আত্মসংযম, সততা, নৈতিকতা ও মানবিকতা আমাদের জীবনের প্রতিটি দিনেই প্রতিফলিত হওয়া উচিত। তবেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে এবং ঈদের আনন্দ হয়ে উঠবে স্থায়ী ও অর্থবহ।

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে আমাদের প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ