সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার

সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এর আইনগত ভিত্তি কি আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না-ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’

‘তবে Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়’, যোগ করেন তিনি।

বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তার এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ