সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়ে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে ওই ইমেইলে প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অনুমোদনপত্র বা স্বাক্ষর ছিল না।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’

সাইদুর রহমান বলেন, ‘অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।’

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এর আগে, সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্স এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ