প্রায় দুই দশক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় পা রাখছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে যাচ্ছেন।
২০০৬ সালের পর প্রথমবার স্মৃতির ধুলোবালি মাখা আদি নিবাসে ফিরছে ঘরের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর।
দলীয় সূত্র জানায়, সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
দুপুরে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ও শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে নিজের পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় উপস্থিত হবেন। বিকেল চারটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যার পর ঢাকায় ফেরার পথিমধ্যে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন।