নিঃশব্দে বিস্তার ঘটছে এক গভীর সংকটের। এর দৃশ্যমান ধ্বংস নেই; তাৎক্ষণিক আতঙ্ক নেই; কিন্তু প্রতিদিন ধীরে ধীরে কেড়ে নিচ্ছে মানুষের জীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা, আর সেই সঙ্গে বাড়ছে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুঝুঁকি। দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হওয়া তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে; বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসজুড়ে দফায় দফায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, এমনকি আঘাত হানতে পারে তীব্র তাপপ্রবাহও। আন্তর্জাতিক গবেষণা সতর্ক করছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে তাপমাত্রাজনিত মৃত্যু উল্লেখযোগ্য হারে বাড়বে। ইতোমধ্যে দেশের বড় শহরগুলো; বিশেষ করে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম এই ঝুঁকির কেন্দ্রে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ‘নীরব বিপর্যয়’ মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আগাম সতর্কতা ব্যবস্থা, নগর সবুজায়ন, শ্রমঘণ্টা পুনর্বিন্যাস, বিশুদ্ধ পানির নিশ্চয়তা এবং স্বাস্থ্যসেবার প্রস্তুতির উদ্যোগ জরুরি হয়ে উঠেছে। কারণ তাপমাত্রার প্রতিটি অতিরিক্ত ডিগ্রি শুধু পরিবেশের পরিবর্তন নয়, বরং আরও কিছু অদেখা মৃত্যুর পূর্বাভাস।
দেশের বিভিন্ন অঞ্চলে এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গত শুক্রবার অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে, পাশাপাশি কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহও দেখা দিতে পারে। শুক্রবার রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। তাপপ্রবাহে আক্রান্ত অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
ক্রমবর্ধমান এই তাপমাত্রা এখন আর কেবল পরিবেশগত উদ্বেগের বিষয় নয়; এটি পরিণত হচ্ছে জনস্বাস্থ্যের এক ভয়াবহ ঝুঁকিতে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যাকশন ল্যাবের গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে; ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি এক লাখ মানুষের মধ্যে অতিরিক্ত ২৪ জনের মৃত্যু ঘটতে পারে, যা নিছক পরিসংখ্যান নয়, বরং এক গভীর মানবিক বিপর্যয়ের পূর্বাভাস। এতে বলা হয়েছে, তাপজনিত মৃত্যুহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২৫টি দেশের মধ্যে রয়েছে। ‘অ্যাডাপটেশন রোডম্যাপ’ শিরোনামের নতুন ধারাবাহিকের প্রথম গবেষণামূলক প্রতিবেদন এটি, যেখানে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পাশাপাশি জলবায়ু অভিযোজনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তাপমাত্রা বৃদ্ধি ও মৃত্যুহারের এই গবেষণা দেখিয়েছে, মানুষের জীবন রক্ষায় লক্ষ্যভিত্তিক বিনিয়োগ অত্যন্ত জরুরি। এটি একটি ধারাবাহিক গবেষণার প্রথম অংশ, যেখানে কোথায় এবং কী ধরনের জলবায়ু অভিযোজন বিনিয়োগ সবচেয়ে কার্যকর হবে তা চিহ্নিত করা হয়েছে। প্রতি গ্রীষ্মেই রেকর্ডভাঙা তাপপ্রবাহ বিশ্বজুড়ে শিরোনাম হয়; কারণ এগুলো হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটায়। প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যভিত্তিক অভিযোজনমূলক বিনিয়োগের মাধ্যমে বিপুলসংখ্যক প্রাণ রক্ষা করা সম্ভব। কারণ তাপমাত্রাজনিত মৃত্যুহার নির্ভর করবে জলবায়ু উষ্ণায়নের সরাসরি প্রভাব এবং মানুষের ও সরকারের নেওয়া সুরক্ষামূলক পদক্ষেপের ওপর। গবেষণায় উঠে এসেছে, দেশের প্রধান শহরগুলো এই ঝুঁকির কেন্দ্রে অবস্থান করছে। উপকূলীয় নগরী খুলনায় প্রতি এক লাখে ৩৬ জনের মৃত্যুঝুঁকি, যা দেশের মধ্যে সর্বোচ্চ। রাজধানী ঢাকায় এই হার ২২ এবং বন্দরনগরী চট্টগ্রামে ১২ জন। গবেষণাটি বলছে, এসব মৃত্যুর ৯০ শতাংশের বেশি ঘটবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে স্বাস্থ্যব্যবস্থা ও অভিযোজন সক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল।
এ পরিস্থিতিতে এখনই কার্যকর অভিযোজনমূলক পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গবেষকরা সতর্ক করে বলেছেন, এখনই অভিযোজনমূলক বিনিয়োগ না বাড়ালে এই সংকট আরও গভীর হবে এবং তা একটি নীরব মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। তাদের মতে, তাপপ্রবাহ মোকাবিলায় দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি। এর মধ্যে রয়েছে আগাম সতর্কতা ব্যবস্থা চালু করা, যাতে মানুষ তাপপ্রবাহের সময় প্রয়োজনীয় সতর্কতা নিতে পারে। পাশাপাশি শহরগুলোতে ব্যাপক সবুজায়ন, খোলা জায়গা সংরক্ষণ এবং জলাধার বৃদ্ধি করে প্রাকৃতিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিতে হবে।
শ্রমজীবী মানুষের সুরক্ষার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তীব্র তাপপ্রবাহের সময় কাজের সময়সূচি পরিবর্তন করে সকাল ও সন্ধ্যার দিকে কাজ স্থানান্তর করা যেতে পারে। একই সঙ্গে কর্মক্ষেত্রে বিশ্রামের ব্যবস্থা, বিশুদ্ধ পানির সহজলভ্যতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে, হাসপাতালগুলোতে হিট-রিলেটেড রোগ মোকাবিলার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।
গবেষণাটি আরও উল্লেখ করেছে, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। নগর পরিকল্পনায় তাপমাত্রা সহনশীল নকশা অন্তর্ভুক্ত করা, প্রতিফলক উপকরণ ব্যবহার, ছাদে সবুজায়ন এবং বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা; এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে তাপমাত্রার প্রভাব কমাতে সহায়ক হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার ও জাতীয় পর্যায়ে সমন্বিত নীতি গ্রহণ এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা না গেলে এসব উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, এটি এমন এক সংকট, যা ধীরে ধীরে বিস্তার লাভ করে; কিন্তু দীর্ঘমেয়াদে ‘নীরব মহামারি’র মতো প্রভাব ফেলে। তাপমাত্রা বৃদ্ধি মানুষের শ্বাস, শরীর ও জীবনের ওপর অদৃশ্য এক চাপ সৃষ্টি করছে। যে সূর্য একসময় জীবনের উৎস ছিল, আজ তার উত্তাপ অনেকের জন্য নিঃশব্দ মৃত্যুর দূত হয়ে উঠছে। শহরের কংক্রিটের ভিড়ে, গ্রামের উন্মুক্ত মাঠে, শ্রমজীবী মানুষের ঘামে এবং বৃদ্ধদের নিঃশ্বাসে এই তাপের ছায়া ক্রমেই ঘন হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর ভবিষ্যতের কোনো দূরবর্তী আশঙ্কা নয়; এটি এখনকার বাস্তবতা, প্রতিদিনের অভিজ্ঞতা এবং অগণিত অদেখা মৃত্যুর নীরব কারণ। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশে এই তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আরও নির্মমভাবে ধরা দিচ্ছে। নগরীর গরম বাতাস যেন আর কেবল অস্বস্তি নয়, বরং এক গভীর স্বাস্থ্যঝুঁকির বার্তা বহন করছে। দিনের পর দিন বাড়তে থাকা তাপপ্রবাহ মানুষের সহনশীলতার সীমা ভেঙে দিচ্ছে, কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং অসুস্থতা ও মৃত্যুঝুঁকি বাড়িয়ে তুলছে নিঃশব্দে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধির সরাসরি প্রভাব হিসেবে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন ও হৃদরোগজনিত জটিলতা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, পরোক্ষভাবে বাড়ছে কর্মক্ষমতা হ্রাস, খাদ্য নিরাপত্তাহীনতা এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবিকাগত ঝুঁকি। নির্মাণশ্রমিক, রিকশাচালক ও কৃষিশ্রমিকসহ খোলা আকাশের নিচে কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রায় কাজ করার ফলে তাদের শরীরে পানি ও লবণের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার অভাবে এসব পরিস্থিতি মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ছাড়া শহরের বস্তি ও নিম্নআয়ের মানুষের বসবাসের পরিবেশ; যেখানে ঘনবসতি, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং নিরাপদ পানির সংকট রয়েছে, সেখানে তাপপ্রবাহের প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠছে।
এ সংকটের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর নীরবতা। ঝড়, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দৃশ্যমান ধ্বংস না থাকায় তাপপ্রবাহের এই বিপর্যয় অনেক সময় আড়ালেই থেকে যায়; কিন্তু হাসপাতালের শয্যায়, ক্লান্ত শরীরের নিঃশ্বাসে এবং পরিসংখ্যানের ঠাণ্ডা সংখ্যায় ধরা পড়ে এর ভয়াবহতা। যদি এখনই কার্যকর পদদেক্ষ না নেওয়া হয়, তবে এ বাড়তে থাকা তাপমাত্রা কেবল পরিবেশগত নয়, একটি মানবিক বিপর্যয়ে রূপ নেবে; যেখানে প্রতিটি অতিরিক্ত ডিগ্রি তাপমাত্রা মানে আরও কিছু হারিয়ে যাওয়া জীবন, আরও কিছু নীরব শোকের গল্প।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন জানান, অবাধে গাছ কাটা হচ্ছে। ফলে বন উজাড় হচ্ছে। শহরাঞ্চলে কোনো গাছ নেই। এসির ব্যবহার বাড়ছে। ফলে গরম বাড়ছে। গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী কায়িক শ্রম দেয়। তারা খোলা আকাশের নিচে কাজ করে। গরমে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কাজের স্থানে ছায়ার ব্যবস্থা করা। বিশুদ্ধ খাবার পানির ও গোসলের ব্যবস্থা রাখা। হিটস্ট্রোক করলে যেন হাসপাতালে জরুরি চিকিৎসা পায়, সে ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষকে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের এই প্রভাব কেবল স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ থাকবে না; এটি অর্থনীতি, শ্রমবাজার এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলবে। কর্মক্ষমতা কমে যাওয়ার ফলে উৎপাদনশীলতা হ্রাস পাবে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, যা বিদ্যমান ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে। তারা মনে করেন, এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তি, অর্থায়ন এবং জ্ঞানভিত্তিক সহায়তা পেতে হবে, যাতে দ্রুত ও কার্যকরভাবে অভিযোজনমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা যায়।