ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য। গুলি তার মাথায় লাগে। আহত সৌরভ তোমার (২৬) মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভির।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দীপাবলির রাতে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়। অভিযোগ, উত্তেজনার মধ্যে ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি ছোড়েন। একটি গুলি প্রথমে দেয়ালে লাগে, পরে সৌরভের কানে পেছনের দিকে মাথায় আঘাত করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা বলছেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একটি বিরোধ হয়েছিল বলে জানা গেছে।
গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে তাকে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাকে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে পরিবারের সদস্যরা তাকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।
চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সৌরভের মাথা থেকে গুলি বের করতে সক্ষম হয়েছেন। তবে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এই সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত ব্যক্তিদের প্রথমে বারাউতে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মিরাটে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযুক্তরা পলাতক এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।