সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি গতি আনতে এবার উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি (এনসিপি)। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ বুধবার আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। দল গঠনের পর পেশাজীবীদের নিয়ে আলাদা ফোরাম করলেও এই প্রথম নীতি-নির্ধারণে সহায়তার জন্য আনুষ্ঠানিক কোনো উপদেষ্টা পরিষদ গঠন করল দলটি।
নতুন গঠিত হতে যাওয়া এই উপদেষ্টা পরিষদে প্রাক্তন সেনা কর্মকর্তা, আমলা, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্থান পাচ্ছেন।
প্রাথমিকভাবে পরিষদে যাদের নাম জানা গেছে, তারা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ, প্রকৌশলী সাবিনা আহমেদ ও মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
দলীয় সূত্র থেকে জানা গেছে, উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে দলকে বিভিন্ন বিষয়ে কৌশলগত পরামর্শ দেবেন। তাদের দেওয়া পরামর্শগুলো এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এ পর্যালোচনার পর বাস্তবায়নের পদক্ষে নেওয়া হবে।