মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার পথ এবং রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে।
বিআরটিএ জানিয়েছে, সরকারের এই বর্ধিত ভাড়ার হার কেবল ডিজেলচালিত সাধারণ (নন-এসি) বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং ট্রাক-কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না বলে এই ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে না।
৫২ আসনের বড় বাস এবং ৩০ আসনের মিনিবাস হিসাব করে মূলত এই ভাড়াহার বাড়ানো হয়েছে। তবে যেসব বাসে আসন কমিয়ে আরামদায়ক করা হয়েছে, সেগুলোতে যাত্রীপ্রতি ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। এছাড়া নির্ধারিত ভাড়ার সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত হবে।
নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়। অন্যদিকে মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ৫৯ পয়সা। দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সার জায়গায় ২ টাকা ৪০ পয়সা হচ্ছে। ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে আসনভেদে ভাড়া বাড়বে ৪০ টাকার বেশি। দু-এক দিনের মধ্যে রুটভিত্তিক ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বিআরটিএ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এরপর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বৃদ্ধির প্রস্তাব করা হলেও সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা অনুমোদন দেয়। সাধারণত তেলের দাম বাড়লে অন্যান্য খরচ যুক্ত করা হলেও এবার কেবল ডিজেলের মূল্যবৃদ্ধির অনুপাতেই ভাড়া সামঞ্জস্য করা হয়েছে।
তবে প্রজ্ঞাপন জারির আগেই সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে সায়েন্সল্যাব, গাবতলী ও সায়েদাবাদসহ বিভিন্ন টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ৩০ টাকা বৃদ্ধির জায়গায় ১০০ টাকা পর্যন্ত বাড়তি নেওয়ার খবর পাওয়া গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ