শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বিশাল পতাকা ও চোখধাঁধানো আতশবাজিতে জমবে উদ্বোধনী আয়োজন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১ বার

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে ম্যাচ শুরুর আগে নতুন ধরনের এক বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি দলের ম্যাচের জন্য নির্বাচিত সব খেলোয়াড় মাঠের কেন্দ্রবিন্দুর চারপাশে একত্রিত হবেন। তাদের পেছনে থাকবে নিজ নিজ দেশের বিশালাকার জাতীয় পতাকার ব্যানার। এরপর সেখানেই পরিবেশিত হবে জাতীয় সংগীত।

এর আগে বিশ্বকাপে সাধারণত শুরুর একাদশের খেলোয়াড়রা শিশু সঙ্গীদের নিয়ে গ্যালারির একপাশের দিকে মুখ করে সারিবদ্ধভাবে দাঁড়াতেন। তবে এবার পুরো স্টেডিয়ামকে অনুষ্ঠানের অংশ করে তুলতেই এই পরিবর্তন আনা হচ্ছে।

গত বছর ক্লাব বিশ্বকাপে প্রতিটি শুরুর একাদশের খেলোয়াড়কে আলাদাভাবে মাঠে প্রবেশ করিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এতে ম্যাচ শুরুর সময় বিলম্ব হওয়ায় সেই পদ্ধতি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

ফিফার ভাষ্য অনুযায়ী, নতুন এই ‘৩৬০ ডিগ্রি আয়োজন’ স্টেডিয়ামের প্রতিটি আসন থেকে দর্শকদের জন্য সমানভাবে উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করবে।

ম্যাচের জন্য নির্বাচিত সব খেলোয়াড় শিশু সঙ্গীদের নিয়ে বিশেষ প্রবেশদ্বার দিয়ে মাঠে প্রবেশ করবেন। এরপর উভয় দলের পূর্ণ স্কোয়াডের খেলোয়াড়রা—সবাই উপস্থিত থাকলে মোট ৫২ জন পর্যন্ত—মাঠের মাঝখানে একত্রিত হবেন। সেখানেই দল পরিচিতি ও জাতীয় সংগীতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপ যত বড় হচ্ছে, আমরা ততই নতুন নতুন উপায়ে দর্শকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। জাতীয় সংগীতের সময় খেলোয়াড় ও ম্যাচ পরিচালনাকারীরা যখন মাঠের মাঝখানে একে অপরের মুখোমুখি দাঁড়াবেন, তখন তা ঐক্য, গর্ব ও আবেগের এক অনন্য মুহূর্ত সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড় ও প্রতিটি সমর্থকের জন্য। নতুন এই প্রাক-ম্যাচ আয়োজন সেই দর্শনকেই আরও সুন্দরভাবে তুলে ধরবে।’

টুর্নামেন্টের পরবর্তী ধাপগুলোতে এই অনুষ্ঠানে রঙিন ধোঁয়া ও আলোক-আতশবাজির বিশেষ প্রদর্শনীও যুক্ত করা হবে, যা বিশ্বকাপের আবহকে আরও বর্ণিল করে তুলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ