শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মাদকসম্রাট এল মেঞ্চোকে হত্যা, সহিংসতায় টালমাটাল মেক্সিকো

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার

মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রভাবশালী ড্রাগ লর্ড (মাদকসম্রাট) এল মেঞ্চো নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়ারা সার্ভান্তেস নিহত হয়েছেন। রোববার জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র তার মাথার জন্য ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এর ফলে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর ওই অভিযানের পর পশ্চিমাঞ্চলীয় জালিস্কোসহ অন্তত ছয়টি রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। বন্দুকধারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন মহাসড়ক অবরোধ করে। জালিস্কোর রাজধানী গুয়াদালাজারা শহর কার্যত অচল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুয়াদালাজারা বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি এবং পর্যটন নগরী পুয়ের্তো ভালার্তায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামনে ফিফা বিশ্বকাপের কয়েকটি ম্যাচ এখানে আয়োজনের কথা থাকলেও পরিস্থিতি উদ্বেগ তৈরি করেছে। জালিস্কোর গভর্নর পাবলো লেমুস বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানান এবং গণপরিবহন চলাচল স্থগিত করেন। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান।

এল মেঞ্চো ছিলেন ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ (সিজেএনজি) প্রধান। মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কার্টেলের কয়েকজন সদস্য নিহত ও গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্র সিজেএনজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের অভিযোগ এনেছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জালিস্কোসহ কয়েকটি রাজ্যে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। কানাডাও ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ এ ঘটনাকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। সাবেক পুলিশ কর্মকর্তা ও এক সময়ের কৃষক এল মেঞ্চো ১৯৯০-এর দশক থেকে মাদক চক্রে জড়িত ছিলেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হেরোইন পাচারের দায়ে দণ্ডিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ