শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার

দেশে ডায়াবেটিস যেন নীরবে বিস্তার লাভ করছে। শহর থেকে গ্রাম, তরুণ থেকে প্রবীণ—কোথাও কেউই এই ঝুঁকির বাইরে নন। অথচ বিপদজনক এই রোগে আক্রান্ত মানুষের একটি বড় অংশ জানেই না যে, তাদের শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। যখন রোগটি ধরা পড়ছে, তত দিনে অনেকের শরীরে দেখা দিচ্ছে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা কিংবা স্নায়ু ক্ষতির মতো মারাত্মক জটিলতা। ফলে ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির অসুস্থতা নয়, বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে পৌঁছাতে পারে। ওই সময় দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ২৩ লাখে। অর্থাৎ আগামী দুই দশকে দেশের বিপুলসংখ্যক মানুষকে এই দীর্ঘমেয়াদি রোগের সঙ্গে বসবাস করতে হতে পারে।

এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। গতকাল দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানান। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলেও মনে করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি।

তিনি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’

তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

তিনি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

শনাক্তের বাইরে বিপুলসংখ্যক রোগী: বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। একই তথ্যের ভিত্তিতে প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে দেশে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বলা হয়েছে। অর্থাৎ আক্রান্ত মানুষের বড় একটি অংশ রোগ সম্পর্কে অবগত নন। এই চিত্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি মৌলিক দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। দেশে রোগী শনাক্ত হওয়ার আগেই রোগের জটিলতা তৈরি হচ্ছে।

ডায়াবেটিস কেন ভয়াবহ: ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা উৎপন্ন ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে থাকে। ডায়াবেটিসের সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকির সম্পর্ক রয়েছে। একই সঙ্গে কিডনি বিকল হওয়া, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি হারানো, স্নায়ুজনিত সমস্যা এবং পায়ে ক্ষত তৈরি হয়ে অঙ্গহানির ঝুঁকিও বাড়ে। এ ছাড়া কর্মক্ষম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হলে ব্যক্তির কর্মজীবন, উৎপাদনশীলতা এবং পরিবারের অর্থনৈতিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ডায়াবেটিসের অর্থনৈতিক প্রভাব শুধু রোগীর চিকিৎসা ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়ে পরিবার, কর্মক্ষেত্র এবং সামগ্রিক অর্থনীতিতে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের আগে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো প্রি-ডায়াবেটিস। এ অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তবে ডায়াবেটিস নির্ণয়ের সীমায় পৌঁছায় না। এ পর্যায়ে জীবনযাপনে পরিবর্তন আনতে পারলে অনেক ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটে চর্বি জমা, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পারিবারিক ইতিহাস এবং বয়স ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত চিনি ও ক্যালরিযুক্ত খাবার, কোমল পানীয়, ফাস্টফুড এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাসও ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। প্রি-ডায়াবেটিস শনাক্ত করা গেলে খাদ্যাভ্যাস পরিবর্তন, নিয়মিত হাঁটা ও ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণের মাধ্যমে ভবিষ্যৎ ঝুঁকি কমানো সম্ভব।

এ প্রসঙ্গে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, ৫ থেকে ৬ শতাংশ ওজন কমানো, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট দ্রুত হাঁটা। সেইসঙ্গে ভাত-ময়দা-মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। শুধু এই পদ্ধতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ এবং ভারতে ২৮ শতাংশ ডায়াবেটিস প্রবণতা হ্রাস পেয়েছে।

চিকিৎসা শহরকেন্দ্রিক: দেশে ডায়াবেটিস চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র থাকলেও দেশের সব মানুষের জন্য সমানভাবে সেবা নিশ্চিত করা যায়নি। রাজধানী ও বড় শহরগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসা সুবিধা তুলনামূলক বেশি। কিন্তু জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব সুবিধা সীমিত। অন্যদিকে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সেবার অভাবও একটি বড় চ্যালেঞ্জ। ডায়াবেটিসের রোগীকে শুধু ওষুধ দিলেই হবে না; তাকে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ওষুধ ব্যবহারের নিয়ম এবং জটিলতার লক্ষণ সম্পর্কেও শিক্ষা দিতে হবে।

গর্ভকালীন ডায়াবেটিস: ডায়াবেটিসের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভাবস্থায় প্রথমবারের মতো রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে মা ও শিশু উভয়ের জন্য নানা ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। যথাসময়ে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে গর্ভাবস্থা ও প্রসবকালীন জটিলতার আশঙ্কা বাড়ে। গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। তাদের সন্তানদের মধ্যেও ভবিষ্যতে স্থূলতা ও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় যথাসময়ে ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান জন্মের পর মায়ের ফলোআপ নিশ্চিত করা জরুরি। মাতৃ স্বাস্থ্যসেবার সঙ্গে ডায়াবেটিস শনাক্তকরণ ও নিয়ন্ত্রণকে যুক্ত করা গেলে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসে বড় আকারের শিশু, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিযান ও নবজাতকের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৯ থেকে ১০ বাড়ে। এক্ষেত্রে সর্বজনীন স্ক্রিনিংয়ের প্রতি গুরুত্বরোপ করেন তিনি।

ডায়াবেটিসের এই ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধ প্রসঙ্গে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের জন্য মডিউলভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাশ্রয়ী ওষুধের অগ্রাধিকার তালিকা প্রণয়েন করে সরকারিভাবে সারাদেশে সেগুলোর সহজ প্রাপ্তি নিশ্চিত করা।

এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) আট দফা সুপারিশ তুলে ধরেছে। তাদের প্রথম সুপারিশ, দেশে একটি জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা। দ্বিতীয়ত, ৩৫ বছরের বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা এবং বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্যান্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে স্ক্রিনিংয়ের আওতায় আনা। প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহজ ঝুঁকি মূল্যায়ন চালুর কথাও বলেছে এন্ডোক্রাইন সোসাইটি। তৃতীয়ত, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিস চিকিৎসার প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা। সেখানে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং জটিলতা শনাক্তের ব্যবস্থা নিশ্চিত করা। এ জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি ও সাশ্রয়ী ক্রয়নীতি প্রয়োজন। চতুর্থত, সব অন্তঃসত্ত্বা নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং প্রসব-পরবর্তী ফলোআপ নিশ্চিত করা। পঞ্চমত, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়সোপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু, স্কুল-ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী খাদ্যনীতি গ্রহণ। ষষ্ঠত, এন্ডোক্রাইনোলজিস্টদের জন্য সরকারি পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ আসন বৃদ্ধি এবং জেলা পর্যায়ে চিকিৎসকদের জন্য মেন্টরিং ব্যবস্থা চালু। সপ্তমত, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি প্রতিষ্ঠা, বহুকেন্দ্রিক গবেষণা এবং চিকিৎসাসেবার মান যাচাইয়ে গুণগত সূচকভিত্তিক জবাবদিহি নিশ্চিত করা। অষ্টমত, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে রোগীর অবস্থা অনুযায়ী লক্ষ্যভিত্তিক চিকিৎসা, রোগী-শিক্ষা এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে দলভিত্তিক ফলোআপ চালু করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ