সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫ বার

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশিসহ আহত আরও অন্তত ২৪ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি। শাহেদ ছুটি কাটিয়ে জেদ্দায় নিজের কর্মস্থলে ফিরছিলেন। অন্যদিকে নাসরুল্লাহ ওমরাহ পালনের উদ্দেশ্যে জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরে অবস্থান করছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহত ২৪ বাংলাদেশিকে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রিয়াদ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুকের অবস্থা স্থিতিশীল। তবে রিয়াদ মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন নওগাঁর ওমরাহযাত্রী সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া রিয়াদ মেডিকেল হাসপাতাল, প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল, সুলাইমান আল হাবিব হাসপাতাল, কিংডম হাসপাতাল, কিং ফাহাদ মেডিকেল সিটি, প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ হাসপাতাল এবং এস্টার সনদ হাসপাতালে অন্য আহতদের চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আহত বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে দূতাবাসের প্রতিনিধিরা নিয়মিত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

হামলার পর বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাদের দুর্ভোগ কমাতে সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আটকে পড়া যাত্রীদের মধ্যে প্রায় ১০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় হোটেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে। এ ছাড়া বিমানবন্দরে আটকে পড়া ৬৭ জন ওমরাহযাত্রীকে বিশেষ বাসে করে সড়কপথে জেদ্দায় পাঠানো হয়েছে।

বাতিল হওয়া ঢাকাগামী ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থলসীমান্ত দিয়ে বাহরাইন যাওয়ার সুযোগও করে দেওয়া হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে নিরাপত্তা ও বিমান চলাচল পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবে বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও ওমরাহযাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ