রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

লেডি সুপারস্টারের দিনকাল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার

ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের দীর্ঘদিনের ক্যারিয়ার খুব বেশি দেখা যায় না। সেই জায়গায় নয়নতারার পথচলা ব্যতিক্রম। মালয়ালম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। পরে বলিউডেও অভিষেক হয়েছে তার। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করে নয়নতারা দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

নয়নতারার আসল নাম ডায়ানা মারিয়াম কুরিয়ান। ২০০৩ সালে কলেজে পড়ার সময় পরিচালক সত্যন অন্তিক্কাড়ের নজরে পড়েন তিনি। তার হাত ধরেই ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক। ছবিটি সাফল্য পাওয়ার পর খুব দ্রুতই নয়নতারার সামনে খুলে যায় দক্ষিণী চলচ্চিত্রের বড় দরজা। মালয়ালম সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করে ছড়িয়ে পড়েন তামিল এবং তেলেগু সিনেমায়। শুরুর দিকে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলেন। ‘রাজা রানি’ ও ‘আরাম্ম’ তার ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ। বিশেষ করে ‘আরাম্ম’ সিনেমায় জেলা প্রশাসকের চরিত্রে তার অভিনয় প্রমাণ করে দেয়, নায়িকা মানেই শুধু প্রেমের অবলম্বন নয়, গল্পের চালিকাশক্তিও হতে পারে। সেই সিনেমায় মুখের অভিব্যক্তি থেকে শুরু করে সংলাপের ভঙ্গি, প্রতিটি বিষয়ই ছিল জীবন্ত।

বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন নয়নতারা। তিনি একটি সিনেমার জন্য যে পারিশ্রমিক নেন (৭ থেকে ১০ কোটি রুপি), তা অনেক ক্ষেত্রে শীর্ষস্থানীয় নায়কদের সঙ্গেও পাল্লা দেয়। বলিউডের ‘জওয়ান’ সিনেমার জন্য তিনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

দীর্ঘদিন দক্ষিণী সিনেমায় রাজত্বের পর বলিউডে আত্মপ্রকাশও ছিল অপেক্ষার প্রহর গোনা। প্রায় দেড় দশক দক্ষিণে কাজ করার পর অবশেষে তিনি ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি বিশ্বব্যাপী ১,১০০ কোটি রুপির বেশি আয় করে। শাহরুখ খানের সঙ্গে নয়নতারার কেমিস্ট্রি ব্যাপক প্রশংসিত হয়। হিন্দি দর্শকও তাকে গ্রহণ করেছে নিজের করে। তাই নয়নতারা এখন প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন- নতুন গল্পের, নতুন চরিত্রের। শুধু দক্ষিণ নয়, গোটা ভারতীয় সিনেমা এখন অপেক্ষায়। বলিউডে তার পরবর্তী সিনেমা কোনটি হবে, সেটাও এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

সামনের দুই বছর তার জন্য অত্যন্ত ব্যস্ত হতে চলেছে। তালিকার শুরুতেই রয়েছে এই পিরিয়ড গ্যাংস্টার ড্রামা ‘টক্সিক’। সিনেমাটি পরিচালনা করছেন গীথু মোহনদাস। তার বিপরীতে অভিনয় করেছেন ‘কেজিএফ’-খ্যাত যশ। বাজেটের দিক থেকে এটি অন্যতম বৃহৎ ভারতীয় সিনেমা। এই সিনেমার শুটিং হয়েছে পর্তুগাল, লন্ডন ও ভারতে। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তির কথা রয়েছে। ইতোমধ্যে ট্রেলার ও পোস্টার প্রকাশের আগে থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ব্যক্তিগত জীবনেও কম আলোচনায় ছিলেন না নয়নতারা- সম্পর্ক, বিচ্ছেদ বিতর্ক। প্রথমদিকে অভিনেতা সিলাম্বরাসানের সঙ্গে তার সম্পর্কের খবর পাওয়া যায়। পরে কোরিওগ্রাফার ও অভিনেতা প্রভুদেবার সঙ্গে তার সম্পর্ক ব্যাপক আলোচিত হয়। এরপর নির্মাতা বিগনেশ শিবনকে বিয়ে করে নিজের ব্যক্তিগত জীবনে স্থিরতা আনেন। ২০২২ সালে স্যারোগেসির মাধ্যমে তাদের যমজ সন্তান হয়। সংসার, সন্তান ও স্বামী- সব মিলিয়ে তিনি এখন সম্পূর্ণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ