দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুইজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। একই সময়ে ৬৭৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মারা যাওয়া চার শিশুর সবাই ঢাকা বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৮ শিশু। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৩ হাজার ২০০ শিশু বাড়ি ফিরেছে। এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে ১৭ হাজার ৪০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।