রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে।
রবিবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএনসিসির আওতাধীন অঞ্চল ৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর একটি পোশাক কারখানার মালিকপক্ষের হামলার ঘটনা পরিদর্শনকালে অতর্কিত এ আক্রমণের ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক ও এমপি মহোদয়ের সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
হামলায় কয়েকজন আহত হন এবং পুলিশ মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান চালান।
এদিকে, আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান প্রশাসক ও এমপি। সেখানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন তারা। এসময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এসটিএসে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর ওই গার্মেন্টস মালিকপক্ষের লোকজন হামলা করে। হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫/২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।