যুদ্ধ, অর্থনীতি ও জলবায়ু সংকট নিয়ে যখন জি-৭ সম্মেলনের মঞ্চে ব্যস্ত বিশ্বনেতারা, তখনই কয়েক মুহূর্তের এক হাস্যরসাত্মক কথোপকথন কাড়ে সবার নজর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাক্ষাতে আবারও ফিরে আসে বহুল আলোচিত ‘মেলোডি’।
গ্রুপ ফটোর আগে সৌজন্য বিনিময়ের সময় মেলোনি রসিকতার সুরে মোদিকে বলেন, ‘ইনস্টাগ্রামে এখন আমরাই সবচেয়ে জনপ্রিয়।’ তার এই মন্তব্যেই নতুন করে আলোচনায় উঠে আসে দুই নেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হয়ে ওঠা ‘মেলোডি’।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, গত মে মাসে রোম সফরে গিয়ে মেলোনির জন্য বিশেষ উপহার নিয়ে গিয়েছিলেন মোদি। সেটি ছিল জনপ্রিয় ‘মেলোডি’ টফি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি বলছেন, ‘প্রধানমন্ত্রী আমার জন্য একটি উপহার নিয়ে এসেছেন।’ এরপর মোদি পকেট থেকে এক প্যাকেট মেলোডি টফি বের করে তার হাতে তুলে দেন এবং হাসিমুখে বলেন, ‘মেলোডি।’
মাত্র ১২ সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ কোটি ছাড়ায়। একই সঙ্গে নতুন করে আলোচনায় আসে মেলোডি টফির জনপ্রিয় ট্যাগলাইন- ‘মেলোডি ইতনি চকোলেটি কিউ হ্যায়?’
‘মেলোডি’ শব্দটির উৎপত্তি হয়েছে ‘মোদি’ ও ‘মেলোনি’ এই দুই নেতার নামের সমন্বয়ে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে মেলোনি ক্যাপশনে লিখেছিলেন, ‘Good friends at COP28 #Melodi’। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে ‘মেলোডি’।
এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দুই নেতার সাক্ষাৎ হলেই তা নিয়ে আগ্রহ দেখা যায়। ‘মেলোডি’ এখন শুধু একটি হ্যাশট্যাগ নয়; বরং কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যেও ব্যক্তিগত উষ্ণতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।