মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচে খেলবেন মেসি, তবে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১ বার

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের অবার্নে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সোমবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি খেলবে, তবে কতক্ষণ খেলবে তা এখনো নিশ্চিত নয়। আজকের অনুশীলনের পর তার সঙ্গে কথা বলব। কোনো ধরনের ঝুঁকি এড়াতে আমরা সতর্ক থাকব। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে মূল পরিকল্পনা অনুযায়ী সে খেলবে।’

গত ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও মেসি মাঠে নামেননি। তিনি কেবল ম্যাচ-পূর্ব অনুশীলনে অংশ নিয়েছিলেন।

বাম পায়ের উরুর পেছনের পেশিতে ক্লান্তিজনিত সমস্যার কারণে মেসি কিছুদিন ধরে সতর্ক পর্যবেক্ষণে ছিলেন। ক্লাব ফুটবলে সর্বশেষ ম্যাচে অস্বস্তি অনুভব করায় তিনি নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়ে যান। পরে তার পেশিতে ক্লান্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

স্কালোনি জানান, দলের খেলোয়াড়দের খেলার সময় ভাগ করে দেওয়া হবে, যাতে বিশ্বকাপের আগে কেউ নতুন করে চোটে না পড়েন।

এদিকে নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গনসালো মনতিয়েলও আইসল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন। বিভিন্ন চোটের কারণে তারা আগে আলাদা অনুশীলন করছিলেন।

দলের আরও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার হুলিয়ান আলভারেস ও লিয়ান্দ্রো পারেদেসের শারীরিক অবস্থার বিষয়েও হালনাগাদ তথ্য দিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, ‘হুলিয়ান ভালো আছে। তার গোড়ালিতে সামান্য অস্বস্তি ছিল, সেটি ধীরে ধীরে সেরে যাচ্ছে। পারেদেসও দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং কয়েক দিনের মধ্যেই পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবে।’

অন্যদিকে পায়ের পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিওনার্দো বালের্দি। তার পরিবর্তে ২৬ সদস্যের দলে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্কালোনি বলেন, ‘ম্যাচের পর আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারব। বালের্দির জায়গা পূরণের জন্য আমাদের বিকল্প রয়েছে, তবে আহত খেলোয়াড়দের অবস্থার উন্নতির ওপরও অনেক কিছু নির্ভর করছে।’

বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া ও জর্ডান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ