বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে।

বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের ম্যাচে নির্ধারিত সময় শেষে দুই দল ৪-৪ গোলে সমতায় থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যাওয়ার এক মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম। তবে দ্রুতই একটি গোল শোধ করে হংকং।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় হংকং। এরপর আবারও পেনাল্টি কর্নার থেকেই বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম।

শেষ কোয়ার্টারে জমে ওঠে ম্যাচের উত্তেজনা। ৪৮তম মিনিটে আশরাফুলের আরেকটি গোলের আগে ও পরে দুটি গোল করে হংকং, ফলে ম্যাচ আবার ৪-৪ সমতায় ফিরে আসে।

এরপর টাইব্রেকারে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বি গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ। পরে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি স্থান নির্ধারণী পর্বে খেলতে বাধ্য হয়।

পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট নয়টি দল অংশ নিচ্ছে এই বাছাইয়ে। এর মধ্যে শীর্ষ ছয়টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই জয়ে বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়েছে।

আগামী শুক্রবার পঞ্চম স্থান নিশ্চিত করার লক্ষ্যে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই দলের সর্বোচ্চ সাফল্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ