মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, তবে নৌ অবরোধ অব্যাহত থাকবে: ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘কার্যত’ শেষের পথে। তবে আপাতত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধেই বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর এক আকস্মিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। মূলত প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমনটি করা হচ্ছে।’

ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো সংঘাত আর না বাড়িয়ে বর্তমান অবস্থায় রাখতে আগ্রহী। তার ভাষ্য অনুযায়ী, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। এর অর্থ, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমনকি বিশ্বের ইতিহাসেও অন্যতম বৃহৎ নৌ অবরোধ অব্যাহত রাখা।

তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সামরিক পদক্ষেপ নেওয়া এখন খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আমরা যেকোনো সময় পদক্ষেপ নিতে প্রস্তুত।’

ট্রাম্প আরও বলেন, ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের হুমকি থেকে সুরক্ষিত এবং সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে। তার ধারণা, খুব শিগগিরই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির উপায় নিয়ে আলোচনা হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ইরানি কর্মকর্তারা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে। কাল্পনিক আলোচনার নামে ভুয়া খবর ছড়ানো বন্ধ করে আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান চেয়েছেন।

পেজেশকিয়ান বলেন, ইরান আরও আলোচনায় আগ্রহী। তবে কোনো ধরনের চাপ বা শক্তি প্রয়োগের কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এর প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

যুদ্ধ শুরুর পরপরই ইরান তেল, গ্যাস ও সার পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

এদিকে সংঘাতের বিস্তার ঘটেছে অন্যান্য ফ্রন্টেও। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরব নতুন করে অভিযান শুরু করেছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারত্ব এবং প্রাণঘাতী বিমান হামলা অব্যাহত রয়েছে।

যুদ্ধের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন বিচ্ছিন্ন ও অনিয়মিত আকারে চলছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে ‘সীমিত হামলা’ চালানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

সংঘাত নিরসনে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কাতারের প্রধানমন্ত্রী একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছেন।

সোমবারের রুদ্ধদ্বার বৈঠকে তিনি ট্রাম্পের কাছে যুদ্ধ অবসানে ইরানের পক্ষ থেকে দেওয়া দুই দিনের একটি প্রস্তাব তুলে ধরেছেন বলে জানা গেছে।

বৈঠকের পর সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি কেন সরাসরি যুদ্ধের সমাপ্তি ঘোষণা করছেন না। জবাবে ট্রাম্প বলেন, শুধু সাময়িক সমাধান নয়, তিনি একটি দীর্ঘমেয়াদি সমাধান চান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাও তার কাছে গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের ভাষায়, ছয় মাস আগের তুলনায় ওই অঞ্চলের দেশগুলো এখন অনেক বেশি নিরাপদ। তবে ইরান এখনো মধ্যপ্রাচ্যের ‘একটু হলেও দাপুটে শক্তি’ হিসেবে রয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ