ইটুই সলিউশনস লিমিটেডের ব্যাটারি কিনে টাকা না দিয়ে প্রতারণার মামলায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জামিন মঞ্জুর করেছেন আদালত।রাজধানীর গুলশান থানার এই মামলায় আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই জামিনের আদেশ দিয়েছেন।
এই আদালতে এদিন তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আসামিপক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন।
গত ১২ জুলাই ইটুই সলিউশনস লি.-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।
অপর আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লি.-এ যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে।
গত ১১ জানুয়ারি বেলা ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে মামলায় অভিযোগ করেন।