শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৬০০ ছাড়াল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১ বার

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভেনেজুয়েলা। গত ২৪ জুন ভোর ৬টা ৪ মিনিটে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে আঘাত হানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৬৪৫ জন নিহত এবং ১২ হাজার ৬৬৬ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ ইতোমধ্যে ৬ দশমিক ৭ বিলিয়ন (৬৭০ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ৯০০ সামরিক সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ভূমিকম্পে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

সরকার জানিয়েছে, উদ্ধার অভিযানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। এছাড়া রাজধানী কারাকাস থেকে প্রায় ৩০ হাজার সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবককে দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়েও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, যা সরকারের প্রকাশিত হিসাবের তুলনায় অনেক বেশি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বাস্তুচ্যুত মানুষ বর্তমানে বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছেন। অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশে আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে বসবাস করছেন। অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে বলে সতর্ক করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো।

ভেনেজুয়েলার স্বাস্থ্য খাতের দুর্বল অবস্থাও এই সংকটকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, স্বাস্থ্য খাতে বিনিয়োগের ঘাটতি এবং চিকিৎসকদের দেশত্যাগের কারণে চিকিৎসাসেবা মারাত্মক চাপে পড়েছে।

এদিকে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৯০০ সামরিক সদস্য মোতায়েন করেছে। মানবিক সহায়তাবাহী বিমান চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামত করেছে। এছাড়া উপকূলে নৌবাহিনীর জাহাজ মোতায়েন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও ১০০ সদস্যকে সহায়তা কার্যক্রমে যুক্ত করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে ভেনেজুয়েলার জন্য ৩০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে। তবে ইউএনডিপির মতে, ক্ষয়ক্ষতির তুলনায় এই সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের ইউমারে শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে। অন্যদিকে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল একই অঙ্গরাজ্যের সান ফেলিপের উত্তর-পূর্বে প্রায় ২৩ দশমিক ৯ কিলোমিটার দূরে।

দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান দুই ভূমিকম্পের পর এ পর্যন্ত ৮৯০টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, ১৯০০ সালের সান নারসিসো ভূমিকম্প ছিল ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ৭ দশমিক ৬ থেকে ৭ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির উত্তর উপকূলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং রাজধানী কারাকাস ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি। ১২৬ বছর পর আবারও একই ধরনের শক্তিশালী ভূমিকম্প দেশটিকে ভয়াবহ মানবিক ও অবকাঠামোগত সংকটের মুখে ঠেলে দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ