রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এক ব্রিফিংয়ে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
আজ শনিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।
তিনি উল্লেখ করেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে মানবিক কারণে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।
রোহিঙ্গা সংকটের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানান রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। একই সঙ্গে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বৈশ্বিক অংশীদারদের কূটনৈতিক তৎপরতা এবং সম্পৃক্ততা আরও জোরদার করার অনুরোধ করেন।