সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

‘চিকেনস নেক’ নিয়ে হঠাৎ উদ্বেগ মোদির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮ বার

ভারতের ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে নির্বাচনি প্রচারণায় গিয়ে তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ করিডোরকে আলাদা করার চেষ্টা করছে কিছু টুকরো টুকরো গ্যাং, যার পেছনে পশ্চিমবঙ্গ সরকারের ‘তোষণের রাজনীতি’ কাজ করছে।

রবিবার (১২ এপ্রিল) শিলিগুড়ির কাউয়াখালীতে এক জনসভায় মোদি বলেন, শিলিগুড়ি করিডোর ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, ভোটব্যাংক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে নরম অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, ‘গোটা দেশে একটি টুকরো টুকরো গ্যাং সক্রিয় রয়েছে। এই গ্যাং শিলিগুড়ি করিডোরকে দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। তোষণের রাজনীতির কারণেই তৃণমূল সরকার এসব গোষ্ঠীকে নানা পর্যায়ে সমর্থন দিচ্ছে।’

মোদি দাবি করেন, রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটে মাদরাসা উন্নয়নে প্রায় ছয় হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নে যথেষ্ট অর্থ রাখা হয়নি।

এদিকে মোদির বক্তব্যের পাল্টা জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র সমালোচনা করে বলেন, যারা ‘বাংলা বিরোধী’, তাদের একটি ভোটও দেওয়া উচিত নয়। তিনি অভিযোগ করেন, বিজেপির বাংলায় এসে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই।

মমতা আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট করেই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। তাই আগে তার পদত্যাগ করা উচিত। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও পদত্যাগের আহ্বান জানান।

আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৪ মে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ