আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ পেয়েছিলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। এবার তাকেই চট্টগ্রাম সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে শাহাদাত হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ও অন্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। ঘোষিত ফলাফলে রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট এবং শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান।
নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ নয়জনকে বিবাদী করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিমকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। পরে ১৯ আগস্ট চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।