জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়, বরং জনগণের ভাগ্য উন্নয়নের একটি কার্যকর মাধ্যম।
শুক্রবার (১০ জুলাই) সকালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি ও পরিবেশ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছিলেন। বর্তমান সরকারও সেই পরিবেশবান্ধব চেতনাকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে শহিদ জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয় চেতনা ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীদের আরও বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে একটি সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন সংকটময় সময়ে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।