সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১৩ জুলাই) নির্ধারিত এ সফরে তিনি বরিশালের গৌরনদী উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দীর্ঘ ২২ বছর পর তার গৌরনদী সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর আগে ২০০৩ সালে তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে গৌরনদী সফর করেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন, যা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।
সেই সফরের স্মৃতিচারণ করে তৎকালীন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ২০০৩ সালে তারেক রহমানের খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে উৎসাহিত করেছিল। তিনি বলেন, “দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী আগমন নিঃসন্দেহে এই অঞ্চলের মানুষের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।”
উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি জানান, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, সফরটি দক্ষিণাঞ্চলের পরিবেশ সংরক্ষণ, খাল পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।