অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছে বিএনপির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। একই সঙ্গে গত চার মাসে তারা রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িয়েছিলেন কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে তিনি।
বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এম বদরুদ্দোজা বাদল।
বদরুদ্দোজা বাদলের মতে, তাদের পদত্যাগের বিষয়টি ‘উদ্দেশ্যপ্রণোদিত’। তিনি বলেন, উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা।
মঙ্গলবার ইসলামিক লয়ার্স কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তারা জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের বিষয়টি উল্লেখ করেন।
অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পদত্যাগকারী আইন কর্মকর্তারা দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রের পক্ষে কাজ করেছেন নাকি কোনো ধরনের অন্তর্ঘাতমূলক ভূমিকা পালন করেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের পরিচালিত মামলার নথি, আপিল সংক্রান্ত মতামত এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ভূমিকা পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আইন মন্ত্রণালয়ে সম্ভাব্য রদবদলের অংশ হিসেবে এই পদত্যাগ কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে তার মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই তাদের পদত্যাগ করা উচিত ছিল।
তিনি আরও বলেন, সরকারের কাছ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার পর শেষ মুহূর্তে সরকারের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-তারা এতদিন রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কতটা আন্তরিক ছিলেন।