মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সতীর্থকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন নেইমার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৩ বার

অনুশীলনের সময় সতীর্থ তরুণ ফুটবলার রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি স্বীকার করেছেন, ওই মুহূর্তে তিনি সীমা ছাড়িয়ে গিয়েছিলেন।

ঘটনাটি ঘটে গত রোববার সান্তোসের অনুশীলনে। অভিযোগ ওঠে, ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রবিনহো জুনিয়র নেইমারকে কাটিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে তার মুখে জোরে চড় মারেন ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার।

এ ঘটনার পর ব্রাজিলের ক্লাবটি তদন্ত শুরু করলেও পরে উভয় পক্ষ বিষয়টি মিটিয়ে ফেলেছে বলে জানায়। মঙ্গলবার রেই পেলের অনুশীলন কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনাকে ‘সম্পূর্ণ সমাধান হয়েছে’ বলেও উল্লেখ করে ক্লাব কর্তৃপক্ষ।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার বলেন, ‘গণমাধ্যমের সামনে যদি ক্ষমা চাইতে হয়, তাহলে আমি ক্ষমা চাইছি। আমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি। ভিন্নভাবে পরিস্থিতি সামলানো যেত, কিন্তু আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সবাই ভুল করে। এটা আমারও ভুল ছিল, তারও ভুল ছিল। তবে আমার ভুলটা একটু বেশি হয়ে গেছে।’

রবিনহো জুনিয়রকে নিয়ে নেইমার বলেন, ‘সে এমন একজন ছেলে, যাকে আমি খুব পছন্দ করি এবং যার প্রতি আমার বিশেষ স্নেহ রয়েছে। ফুটবলে এমনটা হয়। বন্ধু কিংবা ভাইয়ের সঙ্গেও ঝগড়া হতে পারে। এটাই ফুটবল, এটা খেলারই অংশ।’

মঙ্গলবার দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে গোল করার পর বদলি খেলোয়াড় রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরেন নেইমার। রবিনহো জুনিয়র সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহোর ছেলে, যিনি একসময় ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছেন।

রবিনহো জুনিয়র জানান, নেইমার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলেন যে তিনি সীমা ছাড়িয়ে গেছেন এবং কয়েকবার ক্ষমাও চেয়েছেন।

তিনি বলেন, ‘ঘটনাটি আমাকে কষ্ট দিয়েছিল, কারণ ছোটবেলা থেকেই নেইমার আমার আদর্শ। আমাদের ঘিরে অনেকেই এমনসব কথা বলেছে, যেগুলো সত্য নয়। বিষয়টি এত দূর গড়ানো দুঃখজনক।’

তবে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও জানান তরুণ এই ফুটবলার। ‘আমি ভালো আছি। আমি তাকে অনেক পছন্দ করি। আমরা কথা বলেছি এবং সবকিছু ঠিক হয়ে গেছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ