বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শরিফুলকে কাউন্টিতে খেলার অনুমতি দেয়নি বিসিবি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার

বাংলাদেশের পেসার শরিফুল ইসলামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।

জানা গেছে, হাসান মাহমুদের পর শরিফুলেরও কেন্টের ড্রেসিংরুমে যোগ দেওয়ার কথা ছিল। তবে আন্তর্জাতিক ব্যস্ততা এবং শারীরিক চাপের কথা বিবেচনা করে তাকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের আশঙ্কা, কাউন্টিতে খেললে শরিফুলের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে এবং এতে তার আন্তর্জাতিক ম্যাচগুলোতে খেলার সক্ষমতা ঝুঁকির মুখে পড়বে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফিস বলেন, ‘শরিফুলের সামগ্রিক কাজের চাপ এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। কারণ আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি একদিনের ম্যাচ রয়েছে।’

তিনি বলেন, ‘শরিফুল এমন একজন খেলোয়াড়, যে তিন সংস্করণেই খেলে। এর ওপর সে সবেমাত্র হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরেছে। তাকে চারটি কাউন্টি ম্যাচ খেলার অনুমতি দিলে তার শরীরের ওপর যে চাপ পড়বে, তাতে আমরা উদ্বিগ্ন যে সে সব আন্তর্জাতিক ম্যাচের জন্য পুরোপুরি ফিট থাকতে পারবে কি না।’

নাফিস আরও বলেন, ‘এ কারণেই দলীয় ব্যবস্থাপনা ও চিকিৎসা বিভাগ মনে করছে, এই মুহূর্তে তার জন্য ম্যাচ খেলার চেয়ে অনুশীলন করা বেশি গুরুত্বপূর্ণ। এতে সে আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকতে পারবে।’

এদিকে কেন্টের পক্ষ থেকে যোগাযোগের পর আরেক পেসার খালেদ আহমেদকে কাউন্টি খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।

খালেদকে অনাপত্তিপত্র দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাফিস বলেন, ‘খালেদকে কেন্টের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে। সে পুরোপুরি ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচও খেলেনি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ