বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

হরমুজে মাইন বিস্ফোরণে চার তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে চারটি তেলবাহী ট্যাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মাইনে আঘাতের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায় এবং সেগুলো এখনো জ্বলছে। এ ঘটনায় আরও দুটি জাহাজ আটক করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নিষিদ্ধ ঘোষিত নৌপথ দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ অতিক্রমের চেষ্টা করছিল চারটি তেলবাহী ট্যাংকার। এ সময় সেগুলো নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়তে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, একই এলাকায় দুটি জাহাজ বা নৌযান আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানোর কথা জানান। এর আগে দেশটির বৃহত্তম দ্বীপ কেশমে অভিযান চালানোর খবরও সামনে আসে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে ইরান সতর্ক করে বলেছে, সংঘাত পুনরায় শুরু হলে কোনো পক্ষই লাভবান হবে না। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়া এবং সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সূত্র: রয়টার্স, গালফ নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ