লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে চরম উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। যদিও এই হামলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি লেবানন।
এদিকে ইরান ও লেবানন দাবি করেছে, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতায় লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত। তেহরান ইসরায়েলি এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে।
অপরদিকে ইসরায়েল তাদের অবস্থানে অনড় রয়েছে। তেল আবিব জানিয়েছে, ইরানে হামলা বন্ধ রাখলেও লেবাননের অভিযান তাদের এই সমঝোতার অন্তর্ভুক্ত নয়।
তবে ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত তারা দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাবে।