সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

সংসদে আজ উত্তাপ ছড়াতে পারে ‘জুলাই সনদ’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯ বার

আজ রবিবার (৫ এপ্রিল) বিকেলে আবারও বসছে জাতীয় সংসদের অধিবেশন। দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী বিকেল সাড়ে তিনটায় অধিবেশন শুরু হবে। অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন। বিশেষ করে প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্নোত্তরের কথা রয়েছে।

অধিবেশনের শুরুতেই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপরও আলোচনা করবেন সংসদ সদস্যরা। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের ওপর এই সাধারণ আলোচনা দীর্ঘ সময় ধরে চলতে পারে।

সংসদীয় অধিবেশনে আজ অন্যতম আলোচনার বিষয় হতে পারে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন। গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। আজ এই প্রস্তাবের ওপর আলোচনার সময় সংসদে কিছুটা উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হতে পারে এই অধিবেশনে। সংসদীয় বিশেষ কমিটি এরই মধ্যে ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন না করার পক্ষে তাদের মতামত দিয়েছে। এই তালিকায় গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে।

অনুমোদন না পেতে যাওয়া অধ্যাদেশগুলোর তালিকায় আরও রয়েছে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধনের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়। সংসদীয় কমিটির এই সুপারিশের ফলে এই অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ এবং আইনি কাঠামো নিয়ে অধিবেশনে নতুন করে বিতর্কের সুযোগ তৈরি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ