আল নাসরের হয়ে নতুন ইতিহাস লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন পর্তুগিজ মহাতারকার দখলে। গতকাল শুক্রবার রাতে আল তাওউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি রোনালদোর। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০৪–এ।
ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।
মাইলফলক স্পর্শের পর সৌদি আরবের থমনিয়াহ নেটওয়ার্ককে রোনালদো বলেন, ‘আমি খুবই খুশি। এটি দারুণ একটি অর্জন, তবে এটি শুধু ক্রিস্টিয়ানোর জন্য নয়। আমাকে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে, কারণ তাদের ছাড়া এই অর্জনে পৌঁছানো অসম্ভব ছিল।’
নিজের সাফল্যের পেছনে আল নাসর সমর্থকদেরও ভূমিকা আছে বলে মনে করেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘সমর্থকদের জন্যও আমি খুশি। তারা সবসময় আমাকে সমর্থন করে এবং এই সমর্থন পেয়ে আমি খুবই গর্বিত। ধন্যবাদ।’
সৌদি লিগে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোলের পর ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা এখন ৯৭৮টি। অর্থাৎ আর মাত্র ২২ গোল করলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।
এরপর ৫০তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় দলটি। বাঁ প্রান্ত দিয়ে দারুণভাবে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। তার কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শট ছয় গজ দূর থেকে পায়ে ছুঁয়ে জালে জড়িয়ে দেন রোনালদো।
রোনালদোর এই গোলে জয়ের ধারা ধরে রাখল আল নাসর। চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল হিলাল। আল নাসরের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।