রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নিউইয়র্কে ডেলিভারি কর্মীকে ৮ বার গুলি করে হত্যা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ বার
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে গাড়ির সঙ্গে স্কুটারের ধাক্কাকে কেন্দ্র করে তর্ক ও হাতাহাতির পর এক ডেলিভারি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গাড়িচালক ওই ডেলিভারি কর্মীকে বারবার “আমি তোমাকে মেরে ফেলব” বলে হুমকি দেওয়ার পর বন্দুক নিয়ে ফিরে এসে তাকে গুলি করেন।
শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ইস্ট নিউইয়র্কের ক্রিসেন্ট স্ট্রিটে লোরিং ও স্ট্যানলি অ্যাভিনিউয়ের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ৮৯৯ গুরমেট নামের একটি ডেলির সামনে একটি গাঢ় রঙের লেক্সাস গাড়ি একটি স্কুটারকে পেছন থেকে ধাক্কা দেয়।
স্কুটার রাইডার ২৭ বছর বয়সী ডেলিভারি কর্মী এরপর গাড়ি থেকে নেমে আসা চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতিও শুরু হয়।
ডেলির মালিকের ভাষ্য অনুযায়ী, মারামারির সময় গাড়িচালক বারবার ওই ডেলিভারি কর্মীকে বলছিলেন, “আমি তোমাকে মেরে ফেলব। আমি তোমাকে মেরে ফেলব।”
ডেলির মালিক বলেন, গাড়িচালক তাকে কয়েকবার সরে যেতে বলেছিলেন। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ডেলিভারি কর্মী স্কুটার থেকে নেমে গাড়িচালকের দিকে হাত তোলেন বলে প্রত্যক্ষদর্শী জানান।
পুলিশ বলছে, সংঘর্ষের কারণেই হাতাহাতি শুরু হয়েছিল কি না, নাকি গাড়ি চালানোর সময় থেকেই দুজনের মধ্যে বিরোধ চলছিল—তা এখনো স্পষ্ট নয়।
এরপর ওই গাড়িচালক নিজের গাড়ির কাছে ফিরে যান। কিছুক্ষণ পর তিনি একটি বন্দুক নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন।
ডেলির মালিকের দাবি, বন্দুকটি প্রথমবার ট্রিগার চাপার পর গুলি বের হয়নি। কিন্তু এরপরই গুলি চালানো শুরু হয়। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ডেলিভারি কর্মীকে লক্ষ্য করে মোট আটবার গুলি করা হয়।
গুলি চালানোর পর সন্দেহভাজন দ্রুত নিজের লেক্সাস গাড়িতে উঠে ক্রিসেন্ট স্ট্রিট ধরে উত্তর দিকে পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ডেলিভারি কর্মীকে বাঁচানোর চেষ্টা করে এবং সিপিআর দেয়। পরে তাকে ব্রুকডেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের জানানো না পর্যন্ত নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।
হত্যাকাণ্ডের পর পুলিশ আশপাশের এলাকায় নজরদারি ক্যামেরার ভিডিও সংগ্রহ করছে। সন্দেহভাজন গাড়িচালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাস্থলের একটি ডেলির কর্মী ৬৬ বছর বয়সী জোসেফ হেয়ারস্টন বলেন, ক্রিসেন্ট স্ট্রিট ও স্ট্যানলি অ্যাভিনিউয়ের এই এলাকা গ্রীষ্মকালে গুলির ঘটনার জন্য পরিচিত।
তার ভাষায়, এখানে বা আশপাশে তিনি বহু হত্যাকাণ্ডের ঘটনা দেখেছেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি এবং হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ