মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট এখনও অব্যাহত রয়েছে। তবে অতীতের ব্যর্থতা নিয়ে সমালোচনা না করে ভবিষ্যতে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন গুরুত্বপূর্ণ। নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সোলার এক্সপোর আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও তরুণদের অংশগ্রহণ প্রমাণ করে, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়েও বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু একটি সম্ভাবনাময় খাতই নয়, বরং এক অনিবার্য বাস্তবতা।’

প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ সময় আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে বলে জানান তারেক রহমান।

বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘অর্থের অভাবে যাতে উদ্যোক্তারা পিছিয়ে না পড়েন, সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’

সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আসুন, আমরা সূর্যের আলোকে দেশের সম্পদে পরিণত করি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি।’ এরপর তিনি ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ