শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :

রিসোর্টের টয়লেটে মিলল চার মরদেহ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকার একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে চারজনের মরদেহ রিসোর্টের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন সাতজন।

আজ শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিসোর্টটিতে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

রিসোর্টের ইনচার্জ মোহাম্মদ সুমন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। আগুন লাগার পর রিসোর্টের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে কতজন পর্যটক ছিলেন, তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন সকালে বাইরে ছিলেন।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে প্রায় ১৮ জন ছিলেন।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ইউএনও জানান, পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।

আহত সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেলের তথ্য অনুযায়ী, তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ