শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। এ ঘটনায় দুই শিশুরও মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবোঝাই ট্রাকটি রৌমারী থেকে আশুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে, ময়মনসিংহ থেকে রৌমারীতে ফেরার পথে কয়েকজন যাত্রী বকশীগঞ্জ অথবা শেরপুর এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন রৌমারীর চতলাকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) ও স্ত্রী লিপি (৩২)। এ ছাড়া কর্তিমারী এলাকার মো. বাদলের স্ত্রী শরীফা (৪৬) নিহত হয়েছেন। লিপি ও শরীফা আপন বোন। পঞ্চম নিহত ব্যক্তি অটোরিকশাচালক। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রৌমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত অটোরিকশাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ