উত্তরা ইউনিভার্সিটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ৩ আগস্ট, সোমবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে “স্মরণে জুলাই ‘২৪” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ত্যাগ ও বীরত্বকে স্মরণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
ইনস্টিটিউশনাল র্যাংকিং সেলের (আইআরসি) পরিচালক শেখ ইয়াসা শানের কুরআন তিলাওয়াত এবং অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) পরিচালক ড. শাহ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত থেকে আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধান অতিথি হিসেবে ধারণকৃত ভিডিও বার্তায় যুক্ত হয়ে আন্দোলন ও দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল স্মারক গ্রন্থ ‘লেখা আছে অশ্রুজলে’-র মোড়ক উন্মোচন। এরপর আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ.এস.এম. শাহাবুদ্দিন স্মারক তালিকার রূপরেখা তুলে ধরেন এবং আন্দোলনের ওপর নির্মিত মাইক্রো-ডকুমেন্টারি প্রদর্শনী শেষে শিক্ষার্থীরা তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা শিক্ষার্থীদের সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই পর্বের শেষভাগে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডিন অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী। এ আয়োজনের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটি জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও বীরদের শ্রদ্ধার সাথে স্মরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।